Homeটাঙ্গাইল জেলাসখিপুরউন্নয়ন নির্ভর করবে ফ্যাক্টরির আয়ের ওপর! ভোটারদের আগাম সাফ জানিয়ে দিলেন স্বতন্ত্র...

উন্নয়ন নির্ভর করবে ফ্যাক্টরির আয়ের ওপর! ভোটারদের আগাম সাফ জানিয়ে দিলেন স্বতন্ত্র প্রার্থী

নিজস্ব প্রতিনিধি: আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত। প্রার্থীদের প্রচার-প্রচারণা ও সভা-সমাবেশে মুখরিত চারপাশ। এরই মধ্যে এক জনসভায় স্বতন্ত্র প্রার্থীর দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী তার ব্যবসায়িক সাফল্যের খতিয়ান তুলে ধরে ভোটারদের বলছেন, এলাকার উন্নয়ন মূলত তার ফ্যাক্টরির আয়ের ওপর নির্ভর করবে। তিনি জানান, ঢাকাতে তার ১৫-১৬টি বড় ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রায় ২৫ হাজার শ্রমিক কাজ করেন। মাসে প্রায় ১০০ কোটি টাকা কেবল বেতন ও বোনাস দিতেই ব্যয় হয়।

বক্তব্যের এক পর্যায়ে তিনি অত্যন্ত সোজাসাপ্টা ভাষায় বলেন, “ওখানে (ফ্যাক্টরিতে) যদি ইনকাম থাকে, তাহলেই কিন্তু আমি আপনাদের দিতে পারব। একটা পর্যায়ে যদি ইনকাম না থাকে, আমি এসে শুধু বসে থাকি, তবে আপনাদের আমাকে লায়াবিলিটি (বোঝা) মনে হবে।”

তিনি আরও যোগ করেন, “ইনকাম থাকলে আমি আপনাদের জন্য ভালো কিছু করতে পারব। ইনকাম ছাড়া বাবাজি কিছু করতে পারব না। এটা কিন্তু বাস্তবতা।”

প্রার্থীর এমন অকপট স্বীকারোক্তিকে অনেকে ‘সততা’ হিসেবে দেখলেও সাধারণ ভোটারদের একটি বড় অংশ একে নেতিবাচকভাবে দেখছেন। স্থানীয় সচেতন মহলের মতে, জনসেবা বা এলাকার উন্নয়ন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর শর্তযুক্ত হতে পারে না। রাজনীতিতে এসে যদি ব্যবসায়িক লাভ-ক্ষতির হিসেব করা হয়, তবে সাধারণ মানুষের স্বার্থ কতটুকু সংরক্ষিত হবে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

সখীপুরের এক ভোটার মন্তব্য করেন, “আমরা নেতা খুঁজি আমাদের সুখে-দুখে পাশে থাকার জন্য। ব্যবসা খারাপ হলে তিনি আমাদের পাশে দাঁড়াতে পারবেন না—এমন শর্ত দিয়ে ভোট চাওয়াটা দুঃখজনক।”

নির্বাচনের আগ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থীর এই ‘ব্যবসায়িক শর্তযুক্ত’ উন্নয়ন দর্শন টাঙ্গাইল-৮ আসনের ভোটের সমীকরণে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

RELATED ARTICLES

Most Popular