ফরমান শেখ: করোনাভাইরাস সংক্রমণরোধে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে হাত ধোয়ার বেসিনের ব্যবস্থা থাকলেও নেই হাত ধোয়ার জন্য সাবান ও হ্যান্ডওয়াশ। হাসপাতাল ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষের উদাসীনতায় হাত ধোয়া ছাড়াই হাসপাতালে প্রবেশে করোনাভাইরাস সংক্রমণে ঝুঁকির আশঙ্কা করছেন রোগী ও স্বজনরা।
সরেজমিনে রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের হাতধোয়ার বেসিনগুলোর এমন বেহালদশা চোখে পড়ে। জানা গেছে, হাসপাতালের সামনে ২টি বেসিন স্থাপন করা হয়েছে। ১টি হাসপাতাল কর্তৃপক্ষের ও অপরটি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। দেখা গেছে, এ বেসিনগুলোতে হাত ধোয়ার জন্য রাখা নেই সাবান। পড়ে রয়েছে অযত্ন আর অবহেলায়।
চিকিৎসা নিতে আসা নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোগীর স্বজনরা জানায়, বেসিনগুলোতে সাবান না থাকায় হাসপাতালে হাত না ধুয়েই প্রবেশ করতে হয়। এর ফলে করোনা সংক্রমণ ঝুঁকির আশঙ্কায় আতঙ্কে থাকতে হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন জানান, করোনাভাইরাস সংক্রমণরোধে হাসপাতালে হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যেটা করা হয়েছে সেটা আমরা দেখি। আরেকটা জনস্বাস্থ্য প্রকৌশল দেখে। মাসে ১৫টি সাবান দেয়ার কথা থাকলেও ঠিকমতো সাবান দেয় না।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নলকুপ মেকানিক আতিকুর রহমান জানান, ভূঞাপুর পৌরসভায় মোট ৮টি বেসিন স্থাপন করা হয়েছে। এরমধ্যে ৫টি আমাদের অধিনে। এগুলোর কাজ পুরোপুরি শেষ হয়নি। এছাড়াও বেসিনগুলো দেখাশোনা করার জন্য ৫জন লোক নিয়োগ হলেও তারা দায়িত্ব পায়নি। তবে সাবান না থাকার বিষয়টি ব্যাপারে তিনি এড়িয়ে যান।
