মির্জাপুর প্রতিনিধি : সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। জেএসসির প্রথম দিনে বাংলা ও জেডিসির প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেছে ৭ হাজার ৫ শত ৩ জন পরীক্ষার্থী। অনুপস্থিত মোট ১৪৮ জন। আগামী ১১ নভেম্বর জেএসসি ও ১৩ নভেম্বর জেডিসি পরীক্ষা শেষ হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার রায় জানায়, এবছর উপজেলায় মোট পরীক্ষার্থী ছিলো ৭ হাজার ৬ শত ৫১ জন। এরমধ্যে জেএসসিতে মোট পরীক্ষার্থী ছিলো ৬ হাজার ৭ শত ৫০ জন, পরীক্ষায় অংশ নিয়েছে ৬ হাজার ৬ শত ৫০ জন, অনুপস্থিত ১০০জন। জেডিসিতে মোট পরীক্ষার্থী ছিলো ৪৮১ জন, পরীক্ষায় অংশ নিয়েছে ৪৫৫ জন এবং অনুপস্থিত ২৬ জন, কারিগরি শাখায় ৪২০ জন শিক্ষার্থীর মধ্যে ৩৯৮ জন পরীক্ষায় অংশ নিয়েছে এবং অনুপস্থিত ২২ জন। উল্লেখ্য এ উপজেলায় জেএসসি ও জেডিসিতে মোট ৬টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ জানান, প্রতিবছরের মতো এবছরও মির্জাপুরে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আগামী পরীক্ষাগুলোও সুষ্ঠু হবে ইনশাআল্লাহ্। প্রতিটি কেন্দ্রে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী পরীক্ষাচলাকালীন সময়ে মোতায়েন থাকবে।
প্রথম দিনে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, সহকারি কমিশনার ভূমি মো. মঈনুল হক ও মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে।
