ময়মনসিংহ নগরীতে ভাড়া বাসায় থাকা চিকিৎসকদের বাসা ছাড়ার চাপ অথবা চিকিৎসকদের বাড়ি থেকে বের না হওয়ার জন্য চাপ দিলে বাড়ি মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। ময়মনসিংহ সিটি করপোরেশন এমন একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
অভিযোগ রয়েছে, ময়মনসিংহে চিকিৎসকদের বাড়ি ছাড়ার জন্য মানসিক চাপ দিচ্ছিলেন বাড়িওয়ালারা। অর্ধ শতাধিক চিকিৎসকের এমন অভিযোগে ময়মনসিংহ সিটি করপোরেশন কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি জারি করেছে।
শুক্রবার রাতে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনেক বাড়ির মালিক ভাড়া থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়তে বলেছেন বা নানাভাবে চাপ দিচ্ছেন। এটি অন্যায়, অমানবিক ও দণ্ডনীয় অপরাধ। বাড়ির মালিকদের সহানুভূতিশীল আচরণ করার অনুরোধ জানানো হয়েছে। এই নির্দেশ অমান্য করলে বাড়ির মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
দেশের এই ক্রান্তিকালে চিকিৎসকদের স্বার্থে সিটি করপোরেশন এগিয়ে আসায় ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ময়মনসিংহ শাখার সভাপতি মতিউর রহমান ভূইয়া বলেন, জাতির এমন দুঃসময়ে সবাইকে চিকিৎসকদের পাশে থেকে সমর্থন ও উৎসাহ দেয়া উচিত। তাদের সঙ্গে বাড়ির মালিকদের অন্যায় আচরণ কাম্য নয়।
ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক বলেন, যেসব বাড়ির মালিক চিকিৎসাকাজে নিয়োজিত ব্যক্তিদের চাপ সৃষ্টি করছেন, তাদের এ ধরনের অন্যায় আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সিটি করপোরেশন কর্তৃপক্ষ তৎপর আছে। এর অন্যথা হলে বাড়ি মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
