নিউজ টাঙ্গাইল ডেস্কঃ নদী ও এর শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে নদী তীরবর্তী নতুন নতুন এলাকা। ডুবে গেছে ধান ও সবজিসহ বিভিন্ন ফসলের খেত। পানি বাড়ার সঙ্গে সঙ্গে অব্যাহত রয়েছে তীব্র নদী ভাঙনও।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ইতোমধ্যে জেলার সদর, কালিহাতি, ভূঞাপুর, গোপালপুর, নাগরপুর, বাসাইল ও মির্জাপুর উপজেলার চরাঞ্চল এবং নদী তীরবর্তী কয়েক শ গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে শুকনো খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত) যমুনা নদীর পানি নয় সেন্টিমিটার বেড়ে টাঙ্গাইলের পোড়াবাড়ি পয়েন্টে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
তিনি আরও জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় যমুনা নদীর পানি আরও বাড়বে এবং এতে জেলার আরও নতুন নতুন এলাকা প্লাবিত হবে।
পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার নদী তীরবর্তী গ্রামগুলোতে ভাঙন অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের ভাঙনে জেলার কালিহাতিসহ বিভিন্ন উপজেলায় তিন শতাধিক বাড়িঘর, গ্রামীণ রাস্তা, ব্রিজ-কালভার্ট ও অন্যান্য স্থাপনাসহ বিপুল পরিমাণ আবাদি জমি যমুনাসহ বিভিন্ন নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
উপজেলার হালুয়াপাড়া-কাজিরাপাড়া রোডে একটি কালভার্ট ভেঙে আশেপাশের প্রায় ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। ছবি: স্টার
বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ ডেইলি স্টারকে জানান, আজ সকালে ঝিনাই নদীর বন্যার পানির স্রোতে উপজেলার হালুয়াপাড়া-কাজিরাপাড়া রোডে একটি কালভার্ট ভেঙে আশেপাশের প্রায় ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে ওই এলাকার সড়ক যোগাযোগ।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের বাসাইল উপজেলার উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল আলম ডেইলি স্টারকে বলেন, ‘ওই কালভার্টটি এলজিইডির তত্ত্বাবধানে প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি জরাজীর্ণ কালভার্টটিকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় পরিত্যক্ত ঘোষণা করা হয়। ইতোপূর্বে ওই স্থানে একটি ২০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের জন্য অধিদপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।