শাহজাহান সিরাজের মৃত্যুতে কাদের সিদ্দিকী ড. কামালসহ দল প্রধানদের শোক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বর্ষীয়ান রাজনীতিক, সাবেক মন্ত্রী ও  বীরমুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতালীগ, গণফোরাম, জেএসডি, নাকরিক ঐক্য, ওয়ার্কাস পার্টি, জাসদসহ দেশের দেশ বরেণ্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা। মঙ্গলবার (১৪ জুলাই) শাজাহান সিরাজের মৃত্যুর পর পাঠানো শোকবার্তায় তারা বলেছেন, শাজাহান সিরাজ ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য নাম। মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশের রাজনীতিতে তার  রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা ।

শোক বিবৃতিতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম ও  সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক বলেন, ‘পাকিস্তানি সামরিক শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে ১৯৭১ সালের ৩ মার্চ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে শাজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করার মাধ্যমে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন, তা এই দেশ, মানচিত্র আর পতাকা যতদিন থাকবে, ততদিন স্মরণীয় হয়ে থাকবে।’

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধকালীন ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ শাজাহান সিরাজের  শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তারা মুক্তিযুদ্ধ পরবর্তীকালের রাজনীতিতে এ নেতার অনন্য  ভূমিকা তুলে ধরেন।’

সহযোদ্ধা শাজাহান সিরাজের মৃত্যু জাতির অন্তরাত্মায় ক্ষতের সৃষ্টি করে গেলো বলে  জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেন, ‘জাতিরাষ্ট্র বিনির্মাণের অন্যতম কারিগর, স্বাধীনতার ইশতেহার পাঠকারী, বীর সিপাহসালার শাজাহান সিরাজ আমাদের জাতির অস্তিত্বের অংশ। ছাত্রলীগের রাজনীতিতে অসম সাহসিকতা ও সংগ্রামী  হিসেবে ছাত্র-যুবসমাজকে সংগঠিত ও তাদের মাঝে স্বাধীনতার মন্ত্র ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখেন তিনি।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে বলেন, ‘ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ওয়ার্কার্স পার্টি।’ এতে আরও বলা হয়, তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক আন্দোলনসমূহে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। এতে তার স্ত্রী রাবেয়া সিরাজসহ পরিবারের অন্য সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোকবার্তায় বলেন, ‘স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রণী সংগঠক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম শীর্ষ নেতা, স্বাধীনতা ইশতেহারের পাঠক, সাবেক জাসদ নেতা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী বিশিষ্ট রাজনীতিক শাজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।’

এক শোকবর্তায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেন, ‘মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতার ইশতেহার পাঠক এবং মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘শাজাহান সিরাজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য নাম। স্বাধীনতার পর গণতান্ত্রিক লড়াই-সংগ্রামে তার ভূমিকা অপরিসীম। মানুষের অধিকার আদায় এবং দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ে তিনি বারবার কারাবরণ করেছেন। সেই লড়াইয়ে আমি নিজেও তার একজন সহযোদ্ধা ছিলাম।’

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর