মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে আজ শেষ হল ভূমি সেবা সপ্তাহ

সখীপুরে আজ শেষ হল ভূমি সেবা সপ্তাহ

নিজস্ব প্রতিনিধি:   “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে  আজ টাঙ্গাইলের সখীপুরে উপজেলা ভূমি অফিস ও ৬টি ইউনিয়ন ভূমি অফিসে ৫ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের সমাপ্তি হয়েছে। গত ৬ জুন রবিবার থেকে আজ ১০ জুন বৃহস্পতিবার পর্যন্ত ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মধ্য দিয়ে নাগরিক সেবাকে সহজীকরন ও সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা উপজেলা ভূমি অফিসের সম্মুখে স্টলে বসে ভূমি মালিকদের সেবা দিয়েছেন। 

ভূমি অফিস সূত্রে জানা যায়, সারা দেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধের লক্ষ্য নিয়ে ডাটা এন্ট্রি কার্যক্রম চলছে। উপজেলার সকল ভূমি মালিককে নিজ নিজ ইউনিয়নের ভূমি অফিসে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের এক কপি ছবি, নামজারি খতিয়ানের ফটোকপি/রেকর্ড, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধ/খাজনা দাখিলার কপি জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা নিউজ টাঙ্গাইলকে বলেন, উপজেলার ৬ টি ইউনিয়ন ভূমি অফিসে সেবা সপ্তাহ উপলক্ষে সেবা সহজীকরনের প্রয়াসে সেবা স্টল খোলা হয়েছিল। সেবা গ্রহীতারা সেখানে বসে ভূমি বিষয়ক যাবতীয় সেবা গ্রহণ করছেন। তিনি আরও বলেন অনলাইনে ভূমি মালিকেরা রেজিষ্ট্রেশন করলে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সব তথ্য পেয়ে যাবেন এবং ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এটি যাতে সহজলভ্য হয় তার জন্যেই এ অনলাইন সেবা দেয়া হচ্ছে। আমরা যদি সচেতন হই তাহলে আমরা বিভিন্ন ধরণের হয়রানি থেকে নিজেদের রক্ষা করতে পারবো। সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ডিজিটাল ভূমি সেবা একটি বিশেষ মাইলফলক হয়ে থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular