এম সাইফুল ইসলাম শাফলু : করোনা আতঙ্কের মধ্যে বিভিন্নজন বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছেন। টাঙ্গাইলের সখীপুরে তেমনি একটি গুজব ছড়িয়েছে প্রশাসনের পক্ষ থেকে ফ্রিজ ভাঙা। সেখানে বলা হচ্ছে করোনার কারণে ফ্রিজে কাঁচা মাছ, মাংস রাখলে বাড়ি গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ফ্রিজ ভেঙ্গে দিচ্ছে। সোমবার থেকে এ গুজব উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, হঠাৎ গুজব রটে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর লোকজন বাড়ি বাড়ি গিয়ে ফ্রিজ ভেঙ্গে ফেলছে। তারপর ফ্রিজে রাখা জিনিসপত্র নিয়ে যাচ্ছে। কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব রটিয়ে দিয়েছে। গুজব রটানোর পর থেকে অনেকে নিজেদের আত্মীয়, পরিচিতজনদেরও মোবাইল ফোনে এ খবর জানিয়ে দেন। ফলে বাড়ির গৃহিণীদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়। অনেকে ফ্রিজের মাছ-মাংস বের করে রান্নাও করে ফেলেন। অনেক পরিবার স্থানীয় সাংবাদিকদের ফোন করে বিষয়টির সত্যতা সম্পর্কেও জানতে চেয়েছেন।
এ ব্যাপারে সখীপুর থানা অফিসার্স ইনচার্জ মো. আমির হোসেন জানান, ফ্রিজ ভাঙ্গা নিছক একটি গুজব। এটাতে কেউ কান দিবেন না। ফ্রিজসহ যে কোনো গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সখীপুরবাসীকে সচেতন থাকার অনুরোধ জানান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
