নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য কোরআন খতম, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ী বখতিয়ার পাড়া স্বেচ্ছাসেবক টিমের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ ভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহর নিকট বিশেষ দোয়া করেন হাফেজ মাওলানা খাইরুল বাশার। এর আগে গ্রামবাসীর উদ্যোগে কোরআন খতম করানো হয়। দোয়া শেষে কর্মহীন অসহায়দের মাঝে ঈদের উপহার এক কেজি চিকন চাল, এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট দুধ, এক লিটার সয়াবিন তেল ও একটি করে লাইফবয় ও কাপড় ধোয়া ৫৭০ সাবান পৌঁছে দেওয়া হয়। এছাড়াও কয়েকটি অসচ্ছল হিন্দু পরিবারকে নগদ টাকা প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবক টিমের সংগঠক ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ শাহ আলম ওবায়দুল্লাহ বলেন, “করোনা ভাইরাসের কারণে গোটা পৃথিবী আজ থমকে গেছে। এ মহামারি থেকে রক্ষা পেতে আমরা কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছি। এছাড়া টিমের সদস্যরা চাঁদা তুলে বিধবা, এতিম ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রীর ব্যবস্থা করেছি।
তিনি আরো বলেন, এ সংগঠনটি এতোমধ্যে হাট-বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, স্বেচ্ছাশ্রমে ধানকাটা, সবজির চারা রোপণ করে প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা এ স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের কার্যক্রমগুলো অব্যাহত থাকবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।