আজ সকাল বেলা তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বাইসাইকেল , মোটরসাইকেল, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে উপজেলার বিভিন্ন স্থান থেকে লোকজন তার জানাযার উদ্দেশ্যে আসতে থাকেন। জানাযার সময়ের আগেই ইন্দারজানি স্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ যায় মানুষ । বিকেল ৩টায় জানাযা অনুষ্ঠিত হয়। ওই জানাযা স্থানে কিছু পুলিশ উপস্থিত থাকলেও তারা ছিলেন এক রকম নীরব দর্শক।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বিদ্যুত বলেন, ‘যেখানে করোনা ঝুঁকির কারণে একসঙ্গে মসজিদে নামাজ আদায় না করার পরামর্শ দেওয়া হয়েছে, সেখানে কীভাবে এতো লোকসমাগম হলো তা বোধগম্য নয়। এই লোকসমাগমের কারণে করোনা ঝুঁকির আশঙ্কা তো থেকেই যায়।’
সখীপুর থানার অফিসার ইনচার্জ একে সাইদুল হক ভূইয়া বলেন, আমাদের পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য উপস্থিত লোকজনকে বোঝানোর চেষ্টা করা হয়েছে ।
উল্লেখ্য, কাকড়াজান ইউনিয়নের চারবারের সাবেক চেয়ারম্যান শামছুল হক পান্না ওরফে গণ শামছু চারদিন আগে করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আজ শনিবার ভোররাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
