Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে লকডাউন ভেঙে করোনায় মৃত্যু হওয়া সাবেক চেয়ারম্যানের জানাজায় হাজারো মানুষের ঢল

এম সাইফুল ইসলাম শাফলু :  করোনা পরিস্থিতির এ অবস্থার  সরকারের বেধে দেওয়া কঠোর লকডাউন উপেক্ষা করে ও সামাজিক দূরত্ব বজায় না রেখে করোনায় মৃত্যু হওয়া কাকড়াজান ইউনিয়নের চারবারের সাবেক চেয়ারম্যান শামছুল হক  পান্না ওরফে গণ শামছু’র জানাযায়  প্রায় ৫ সহস্রাধিক মানুষ জমায়েত হয়েছেন । আজ ৩ জুলাই শনিবার  বিকেল ৩ টায় ওই ইউনিয়নের ইন্দারজানি হাইস্কুল মাঠে  এ জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রশাসন এ অবস্থায় নীরব ভূমিকা পালন করেছে বলে সচেতন মহল অভিযোগ করেছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে, এই সমাবেশের মধ্য দিয়ে করোনা ছড়িয়ে পড়ার ব্যাপক ঝুঁকি রয়েছে।

আজ সকাল বেলা তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে  বাইসাইকেল , মোটরসাইকেল,  ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে উপজেলার  বিভিন্ন স্থান থেকে  লোকজন  তার জানাযার উদ্দেশ্যে আসতে থাকেন। জানাযার সময়ের আগেই ইন্দারজানি স্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ যায় মানুষ ।  বিকেল ৩টায় জানাযা অনুষ্ঠিত হয়। ওই জানাযা স্থানে কিছু পুলিশ উপস্থিত থাকলেও তারা ছিলেন এক রকম নীরব দর্শক।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বিদ্যুত বলেন, ‘যেখানে করোনা ঝুঁকির কারণে একসঙ্গে মসজিদে নামাজ আদায় না করার পরামর্শ দেওয়া হয়েছে, সেখানে কীভাবে এতো লোকসমাগম হলো তা বোধগম্য নয়। এই লোকসমাগমের কারণে করোনা ঝুঁকির আশঙ্কা তো থেকেই যায়।’

সখীপুর থানার অফিসার ইনচার্জ একে সাইদুল হক ভূইয়া বলেন, আমাদের পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য উপস্থিত লোকজনকে  বোঝানোর চেষ্টা করা হয়েছে ।

উল্লেখ্য, কাকড়াজান ইউনিয়নের চারবারের সাবেক চেয়ারম্যান শামছুল হক  পান্না ওরফে গণ শামছু  চারদিন আগে করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আজ শনিবার ভোররাতে সেখানে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version