এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরের বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে শ্রেণি কক্ষে ঢুকে মারধরের ঘটনায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন করে বিচার দাবি করেছে বিদ্যাালয়ের শিক্ষার্থীরা। গত দুই দিন ধরে ক্লাস বর্জন করে উপজেলার বহেড়াতৈল-আমতৈল সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
জানা যায়, সোমবার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র ইমরান ও রিফাতসহ চার শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিক্ষকরা তাদের ডেকে সতর্ক করে দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থী রিফাতের বাবা ও মামা সুমন মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ক্লাসের ভেতরে ঢুকে ইমরানকে ব্যাপক চড়-থাপ্পর মেরে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যায়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, সহপাঠীকে ক্লাসের ভেতর এভাবে মারধরের বিষয়টি আমাদের কাছে ভাল লাগেনি। তাছাড়া স্কুলের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগতদের হস্তক্ষেপ করা অন্যায়। আমরা এই অন্যায়ের বিচার দাবি করে মঙ্গলবার থেকে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন করছি।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ে প্রধান শিক্ষক সাদেকুর রহমান বলেন, মীমাংসার লক্ষ্যে বিদ্যালয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠক ডাকা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, বিষয়টি তিনি প্রধান শিক্ষকের মাধ্যমে জেনেছেন। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সম্পৃক্ত করে পরিচালনা পরিষদের জরুরি সভা ডেকে বিধি মোতাবেক সুষ্ঠু সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।
