মঙ্গলবার, মে ৫, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে সংবাদ সম্মেলন: ক্ষমা চেয়ে দলীয় পদে ফিরতে চাইলেন বীর মুক্তিযোদ্ধা...

সখীপুরে সংবাদ সম্মেলন: ক্ষমা চেয়ে দলীয় পদে ফিরতে চাইলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দলীয় পদ ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে সখীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। শাজাহান সাজু গত পাঁচ মাস আগে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

লিখিত বক্তব্যে শাজাহান সাজু বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। প্রায় ২২ বছর ধরে তিনি জেলা বিএনপির সহসভাপতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে গত প্রায় পাঁচ মাস আগে দলীয় হাই কমান্ডের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে তিনি পদত্যাগ করেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা বিএনপি তাঁকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছিল।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ২৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং দলীয় নেতাকর্মীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি পুনরায় দলীয় পদে ফেরার সুযোগ চান।

তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় তিনি ও তাঁর পরিবার নানা নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে এবং ১০ বার কারাবরণ করতে হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সখীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরকার শহীদ, উপজেলা ওলামা দলের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল জুয়েল এবং সখীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular