নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে স্ট্যাম্পে লিখে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে ৪ জনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ সাজা দেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালিয়া ঘোনারচালা গ্রামের আবদুস সাত্তারের ছেলে নাসির উদ্দিনের সঙ্গে একই গ্রামের জামাল তালুকদারের দশম শ্রেনিতে পড়ুয়া মেয়েকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে (নিবন্ধন) বিয়ে দেওয়া হয়। বর নাসির উদ্দিনও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পরে স্ট্যাম্প লেখক ও ঘোনারচালা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রুবেল মন্ডলকে ৬ মাসের জেল দেওয়া হয়।
এছাড়াও বিয়ে পড়ানোর অপরাধে আবুল কালাম ও বর-কনের মাকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বর ও কনেকে গাজীপুর কিশোর-কিশোরি উন্নয়ন কেন্দ্র পাঠানো হয়েছে।
আদালতের নির্বাহী হাকিম আসমাউল হুসনা লিজা জানান, বালবিবাহ দেওয়ার অপরাধে ৪ জনকে সাজা দেওয়া হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।