নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে বিদেশ ফেরত ৫১৪ প্রবাসীকে হন্যে হয়ে খুঁজছে উপজেলা প্রশাসন। এ লক্ষে উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে মোট ৮১টি কমিটি গঠন করা হয়েছে। যারা এসব প্রবাসীদের খুঁজতে মাঠ পর্যায়ে কাজ করবে। গোয়েন্দা তালিকা অনুযায়ী চলতি মাসে পাঁচ হাজার ২৪৭ জন প্রবাসী বিভিন্ন দেশ থেকে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় ফিরেছেন।
এদিকে টাঙ্গাইল জেলায় বর্তমানে ৭৯০ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ১২০ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেয়া হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত ৬৭০ জন হোম কোয়ারেন্টাইনে আছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, বর্তমানে টাঙ্গাইল জেলায় মোট ৭৯০ জন বিদেশ ফেরতকে হোম করেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট সময় পার হওয়ায় ১২০ জনকে হোম করেন্টাইন থেকে অবমুক্তি দেয়া হয়।
জানা যায়, এরই মধ্যে শুধু সখীপুর উপজেলায় ফিরেছেন ৬৪৭ জন প্রবাসী। উপজেলা প্রশাসন এ পর্যন্ত ১৩৩ জনকে বাড়িতে কোয়ারেন্টিনে রেখেছে। অবশিষ্ট ৫১৪ জনের কোনো হদিস স্থানীয় প্রশাসনের কাছে ছিল না। বিদেশ ফেরত এসব ব্যক্তির তথ্য উপজেলা প্রশাসন, থানা ও স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে। ওই ৫১৪ জনকে খুঁজতে গত শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় পৃথক কমিটি করে দিয়েছেন। এরপর থেকে ওই কমিটি ৫১৪ জন প্রবাসীকে ঠিকানা ধরে খুঁজে বের করে কোয়ারেন্টিনের আওতায় আনার কাজ শুরু করে দিয়েছেন। উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও থানা প্রশাসনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, টাঙ্গাইল জেলা পুলিশের কাছ থেকে পাওয়া একটি তালিকা সখীপুর থানা পুলিশের হাতে এসেছে। ওই তালিকা ইউনিয়ন ভিত্তিক সাজিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি আসমাউল হুসনা বলেন, ইতিমধ্যে সখীপুরে ১৩৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যারা হোম কোয়ারেন্টিনে থাকতে চাননি তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাও দেয়া হয়েছে।
