ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক কার্ডের মাধ্যমে প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করা হবে। আগামীকাল সোমবার (১৭ অক্টোরব) থেকে এই মূল্যে বিক্রি হবে তেল ডাল ও চিনি।
অক্টোবর মাসে সারা দেশে এক কোটি কার্ডধারী পরিবার পাবে এই ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য। স্থানীয় ডিলার/দোকান থেকে সংগ্রহ করা যাবে। রবিবার (১৬ অক্টোবর) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক ঢাকা মহানগরীসহ সারাদেশে অক্টোবর মাসের বিক্রয় কার্যক্রম ১৭ অক্টোবর থেকে শুরু হবে।
এই বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনায় হবে। সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী ডিলাররা এ কার্যক্রম পরিচালনা করবেন।
তবে এ দফায় কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
