দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। ‘কোলাভেরি ডি’ গান দিয়ে রাতারাতি পরিচিতি পাওয়া এই সংগীতশিল্পী এখন কাজ করছেন একের পর এক বড় বাজেটের সিনেমায়। ‘জেলার ২’সহ কয়েকটি ছবি নিয়ে আলোচনার মধ্যেই এবার তাঁর ব্যক্তিগত জীবনও সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রে। সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে কাব্য মারানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অনিরুদ্ধ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী নভেম্বরে তাঁদের বিয়ের আয়োজন করা হচ্ছে।
বিয়ের খবরটি নতুন করে আলোচনায় এসেছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির একটি প্রকাশ্য পোস্টের পর। ১৭ অক্টোবর কালানিধি মারান ও তাঁর স্ত্রী কাবেরী মারানের সঙ্গে সাক্ষাতের ছবি ও ভিডিও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁদের মেয়ের বিয়ের সংবর্ধনায় আমন্ত্রণ পাওয়ার কথাও জানান তিনি। চেন্নাইয়ে ২১ নভেম্বর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। মূল বিয়ের অনুষ্ঠান ১১ নভেম্বর গ্রিসে হওয়ার খবরও প্রকাশিত হয়েছে। তবে বিয়ের অনুষ্ঠান ও তারিখ নিয়ে বিস্তারিত তথ্যের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
কে এই কাব্য মারান
কাব্য মারান ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ব্যবসায়ী কালানিধি মারানের মেয়ে। তাঁর বাবা সান টিভি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। টেলিভিশন সম্প্রচার, বিনোদন, সংবাদমাধ্যমসহ বিভিন্ন ব্যবসায় বিস্তৃত এই প্রতিষ্ঠানের কার্যক্রম। কাব্যর মা কাবেরী মারানও সান টিভি নেটওয়ার্কের শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত।
ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাব্য চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজে পড়াশোনা করেছেন। পরে যুক্তরাজ্যের ওয়ারউইক বিজনেস স্কুল থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি (এমবিএ) অর্জন করেন। পড়াশোনা শেষে তিনি পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হন। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
