রবিবার, মে ৩, ২০২৬
Homeবিবিধসখীপুরে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক কফিল উদ্দিন বরখাস্ত

সখীপুরে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক কফিল উদ্দিন বরখাস্ত

এম সাইফুল ইসলাম শাফলু:টাঙ্গাইলের সখীপুর উপজেলার সুরীরচালা আবদুল হামিদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কফিল উদ্দিনকে অর্থ আত্মসাতসহ একাধিক অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।অনিয়মের তদন্ত শেষে গত ৩১ অক্টোবর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি এ বরখাস্তের সিদ্ধান্ত নেন।

বিদ্যালয় পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, কফিল উদ্দিন ২০১৩ সালে প্রধান শিক্ষক পদে যোগদানের পর নানা অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়ে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করে আসছিলেন। এছাড়া নিজের স্ত্রীকে অবৈধ ভাবে ওই বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগ দেয়। এসব অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি ম্যানেজিং কমিটি ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি বিদ্যালয়ের ক্যাশবই পরীক্ষা করে বিভিন্ন অনিয়ম দেখতে পান।
তদন্ত কমিটি জানায়, প্রধান শিক্ষক কফিল উদ্দিন অগ্রণী ব্যাংকের সখীপুর শাখায় ০২০০০০৩২৯২২৬১ নং হিসাব থেকে ২০১৬-২০১৭ সালে ১ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে বিদ্যালয়ে কোন খরচের হিসাব না দিয়ে নিজে আত্মসাত করেন। অন্যদিকে বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি ও অন্যান্য খাত থেকে আয় হওয়া ১৫ লাখ ১৫ হাজার ৪১০ টাকা ব্যাংকের নির্ধারিত হিসাব নম্বরে জমা না দিয়ে নিজের কাছে রেখেছেন। এছাড়াও তিনি অবৈধ ভাবে নিজের স্ত্রীকে ওই বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগ দিয়েছেন।
এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, প্রধান শিক্ষক মোহাম্মদ কফিল উদ্দিন একজন সার্টিফিকেটধারী অযোগ্য শিক্ষক। তিনি যোগ দেওয়ার পর বিদ্যালয়ের পড়ালেখার মান কমে গেছে। তাঁর বিরুদ্ধে অর্থ কেলেংকারিসহ নানা অনিয়মের অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় তাকে  সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মোহাম্মদ কফিল উদ্দিন বলেন, আমাকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া অভিযোগের ভিত্তিতে বরখাস্ত করা হয়েছে। তিনি ২ নভেম্বর  শনিবার রাতে সভাপতিকে বিবাদী করে সখীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কফিল উদ্দিনকে সাময়িক বরখাস্তের একটি অনুলিপির কপি পেয়েছি।
সুরীরচালা আ.হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিনকে চলতি জেএসসি পরীক্ষায় কচুয়া কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। রোববার দুপুরে ওই প্রধান শিক্ষককে ম্যানেজিং কমিটি সাময়িক বরখাস্ত করেছে এর একটি কপি পেয়ে ওই পদ থেকে কফিল উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular