নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে প্রাইভেট পড়ানোর আড়ালে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সবুজ (৪৫) নামে এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উয়ার্শী ইউনিয়নের মৈশামূড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার সবুজ দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানি গ্রামের গাজী মিয়ার ছেলে। তিনি মৈশামূড়া বাজারে একটি ফটোকপি ও স্টেশনারির দোকান পরিচালনা করতেন। ওই দোকানেই তিনি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন স্কুল ছুটির পর শিশুটি তার দুই সহপাঠীর সঙ্গে ওই দোকানে প্রাইভেট পড়তে যায়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মেয়ে বাড়িতে না ফেরায় তার মা খোঁজ নিতে দোকানে যান। সেখানে গিয়ে দোকানের শাটার বন্ধ দেখতে পান। পরে শাটার খুলে ভেতরে নিজের মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান।
এ সময় শিশুটি দোকান থেকে বের হয়ে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। পরে মাকে জানায়, অভিযুক্ত ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করেছেন।
এ ঘটনা জানার পর শিশুটির মা আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে অভিযুক্ত সবুজকে আটক করেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, গত সোমবার (৯ নভেম্বর) উপজেলার নতুন কহেলা গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে তপন সরকার নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। পরপর এমন ঘটনায় মির্জাপুরজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
