‘এখনো বেঁচে আছি’, ২১ দিন পর জানালেন টাঙ্গাইলের রাজন

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে ফ্রন্টলাইনে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশি যুবক মো. রাজন হোসাইন। প্রায় ২১ দিন তার কোনো খোঁজ না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। অনেকে আশঙ্কা করছিলেন, যুদ্ধে হয়তো প্রাণ হারিয়েছেন তিনি। অবশেষে বেঁচে থাকার খবর জানিয়েছেন ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত এই যুবক।

বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে রাজন লেখেন, ‘শুধু বলব, আলহামদুলিল্লাহ!’ একই পোস্টে তিনি জানান, যুদ্ধের প্রতিটি মুহূর্ত অনিশ্চয়তা ও কঠিন বাস্তবতার মধ্য দিয়ে কাটে। সবার দোয়া ও আল্লাহর অশেষ রহমতে এখনো বেঁচে আছেন তিনি।

রাজনের পুরো নাম মো. রাজন হোসাইন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের অংশগ্রহণ, প্রাণহানি এবং যুদ্ধের ভয়াবহ বাস্তবতা নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন তিনি। একই সঙ্গে অর্থের প্রলোভনে পড়ে অন্য বাংলাদেশিরা যেন এই যুদ্ধে যোগ না দেন, সে বিষয়েও সতর্ক করতেন।

জানা যায়, রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন রাজন। গত ১৯ অক্টোবর ফ্রন্টলাইনে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তিনি। সুস্থ থাকলে এক থেকে দুই মাসের মধ্যে দেশে ফিরবেন বলেও জানিয়েছিলেন। একই দিন যুদ্ধ বন্ধ ও বিশ্বশান্তির আহ্বান জানিয়ে একটি বার্তাও দেন।

তবে ওই দিন বেলা ১১টায় প্রকাশিত ভিডিওবার্তার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নতুন কোনো পোস্ট, ভিডিও কিংবা সুস্থ থাকার খবর না আসায় উদ্বেগ বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার সন্ধান কামনা করে দোয়া করেন।

অবশেষে ১১ নভেম্বর ফেসবুকে রাজনের বেঁচে থাকার খবর প্রকাশ্যে আসার পর স্বস্তি প্রকাশ করছেন তার অনুসারীরা।

তবে বর্তমানে তিনি কোথায় আছেন, শারীরিকভাবে কেমন আছেন কিংবা কবে দেশে ফিরবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর