নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃতরা হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার পূর্বআঠারো পাইখার গ্রামের বাবু বর্মণ (৪৫) ও পাবনার চাটমোহর উপজেলার জালেশ্বর গ্রামের সাদ্দাম হোসেন (২৪)। তারা দুইজন উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের বটটেকি এলাকায় ভাড়া বাসায় থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
এলাকাবাসী জানান, শনিবার সকালে ওই দুই শ্রমিক উপজেলার গোড়াই বটটেকি এলাকার বাবুল মিয়ার নির্মাণাধীন তিনতলা ভবনের দোতলায় কাজ করছিলেন।
বিকেলে নিচ থেকে দোতলার ছাদে রড ওঠানোর সময় ওই ভবনের পাশঘেঁষা বিদ্যুতের তারে রডের স্পর্শ লাগে।
এ সময় দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় তাদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, বিষয়টি কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
