ভারতে যাওয়ার পথে দর্শনা চেকপোস্টে টাঙ্গাইলের ছাত্রলীগ নেতা আটক

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে এক কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে আটক করা হয়। আটক তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল সদর উপজেলার আদি টাঙ্গাইল গ্রামের আজাদ বুখারীর ছেলে। তাওহীদ কার্যক্রম নিষিদ্ধ টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য। তার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ তুহিন জানান, শনিবার বিকাল সাড়ে ৪ টার সময় তাওহীদুল ইসলাম বুখারী (পাসপোর্ট নম্বর- A21193139, ভিসা নং- VN3569516) ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমন ইমিগ্রেশন ডেস্কে উপস্থিত হন। উক্ত ব্যক্তির বহির্গমন ইমিগ্রেশন যাচাই-বাছাইকালে ইমিগ্রেশন অফিসারের সন্দেহ হলে পিসিপি আর যাচাই করে তার নামে একাধিক মামলার বিষয়টি নিশ্চিত হন।

বিষয়টি অবগত হওয়ার পর তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা পুলিশ সুপারসহ দর্শনা থানার অফিসার ইনচার্জ ও টাঙ্গাইল সদর থানাকে অবহিত করা হয়। পরবর্তীতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার এবং এস এস ইমিগ্রেশন ল্যান্ড এন্ড সিপোর্ট’র নির্দেশনা মোতাবেক টাঙ্গাইল সদর থানার এফআইআর নং-১৯, তারিখ-১২/৩/২০২৫ মোতাবেক তাওহিদুল ইসলাম বুখারীকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করা হয়।

আটক তাওহীদুল ইসলাম বুখারীকে দর্শনা থানা পুলিশ হেফাজত থেকে পরে তাকে টাঙ্গাইল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর