নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নার্গিস (৩৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সহযোগীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন স্বামী হারুনর রশিদ (৪৫) ও সহযোগী সোহেল (২৩)।
বুধবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার শহর সংলগ্ন বোয়ালী মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নার্গিস সেখানকার মোবাইল ফোন ব্যবসায়ী মো. হারুন মিয়ার স্ত্রী ।
সূত্রে জানা যায়,হারুন ও তার স্ত্রীর মাঝে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল। বেশ কয়েকবার সালিস বৈঠকের মাধ্যমে সমাধানের পথ খোঁজা হয়েছে। তাতে কোন সমাধান হয়নি।
এ ব্যাপারে মধুপুর সার্কেলের সিনিয়র এসপি কামরান হোসেন বলেন, নার্গিস আক্তার যখন ঘুমিয়ে ছিল তখন তার স্বামী হারুন মুখ চেপে ধরে এবং তার সহযোগী সোহেল চাকু দিয়ে জবাই করে তাকে হত্যা করে।
পুলিশ খবর পেয়ে রাতেই নিহতের লাশ উদ্ধার করে স্বামীকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হারুন তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। পরে তার তথ্য অনুযায়ী অপর সহযোগী সোহেলকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে মতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি বৃহস্পতিবার নদী থেকে উদ্ধার করা হয়।
