নিউজ টাঙ্গাইল ডেস্ক: ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। হামলার শিকার ওই ছাত্রলীগ নেতা জুয়েল রানা বাদী হয়ে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে (গোপালপুর আমলী আদালত) এই অভিযোগ দায়ের করেন।
মামলায় এমপি তানভীর হাসান ছোট মনিরকে পাঁচ নম্বর বিবাদী করা হয়েছে।
ওই আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলম ‘বাদীর দাখিলি কাগজপত্র পাঠযোগ্য নয় বিধায় আগামী ২৪ সেপ্টেম্বর বাদীর আইনজীবীকে কাগজপত্র দাখিলের জন্য’আদেশ দেন।
মামলার অন্য বিবাদীরা হলেন- শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, মো. মিলন, মো. কবির, মো. লাভলু, মো. রিপন, মো. জুয়েল ও মো. বাবু।
আদালতে দেয়া অভিযোগে মামলার বাদী জুয়েল রানা জানান, এমপি ছোট মনিরসহ অন্যদের নির্দেশে রোববার দুপুরে গোপালপুরের নগদা শিমলাবাজার মোড়ে দুর্বৃত্তরা লোহার রড, চাপাতি, চাইনিজ কুড়াল নিয়ে তার ওপর হামলা করে। এতে তিনি গুরুতর জখম হন। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে এমপি তানভীর হাসান ছোট মনির জানান, তিনি জুয়েল রানা নামে কাউকে চেনেন না। কোনোদিন দেখেনও নাই। একটি মহল রাজনৈতিকভাবে হেয় করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে তার নাম জড়িয়েছে।
