নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের গোপালপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশা উল্টে শরিফা খাতুন (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো চারজন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত শরিফা খাতুন উপজেলার হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং হাদিরা বাজার এলাকার শফিকুল ইসলামের কন্যা।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৪ নভেম্বর) পৌরশহরের সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, জেএসসি পরীক্ষার ইংরেজি সাবজেক্ট পরীক্ষা দিয়ে, উপজেলার হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের তিন পরীক্ষার্থী ও পরীক্ষার্থীর দুই অভিভাবক মিলে একটি অটোরিকশা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তাদের বহণ করা অটোরিকসাটি নগদাশিমলা ইউনিয়নের পাগলা বাজার এলাকায় রাস্তার একটি বাঁকে পৌঁছালে, অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে ভেবে, অটোরিকশা চালক সজোরে ব্রেকচাপে। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
পরে স্থানীয়রা দূর্ঘটনায় চালকসহ আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে পরীক্ষার্থী শরিফা খাতুন, অটোরিকশা চালক এবং একজন পরীক্ষার্থীর মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, কর্তব্যরত ডাক্তার তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে মুক্তাগাছা নামকস্থানে গুরুতর আহত জেএসসি পরীক্ষার্থী শরিফা খাতুন মারা যান।
আহতদের মধ্যে দু’জন ময়মনসিংহ হাসপাতালে এবং রেশমী খাতুন নামে এক পরীক্ষার্থী স্থনীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
গোপালপুর থানার এসআই মো. আব্দুল হান্নান জানান, মর্মান্তিক এ দূর্ঘটনার খবর পেয়েই পুলিশের একটি দল নিয়ে, আমরা নিহত শরিফা খাতুনের বাড়িতে গিয়েছি। এ ব্যাপারে নিহত শরিফার বাবা শফিকুল ইসলামের কোন অভিযোগ না থাকায়, থানায় এখনো কোন মামলা হয়নি। মামলা হলে তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনা সম্ভব।
এদিকে জেএসসি পরীক্ষার্থী শরিফা খাতুনের অকাল মৃত্যুতে তার শিক্ষাপ্রতিষ্ঠানের সহপাঠী, ছাত্রছাত্রী এবং শিক্ষকমন্ডলীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিজ গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামের শতশত মানুষ ভীর জমাচ্ছে শরিফাকে একনজর দেখতে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।