নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে বিভিন্ন উপজেলায় বিদেশ থেকে আসা এখন পর্যন্ত ৯৭ জনকে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলার স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদেরকে পর্যবেক্ষণে রেখেছে। এছাড়া নির্দিষ্ট সময় শেষ হওয়ায় ৫ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেয়া হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি হোম কোয়ারেন্টাইন রয়েছে ইতালি ফেরত প্রবাসীরা। গত ২৪ ঘণ্টায় বুধবার (১৮ মার্চ) সকাল ১০টা পর্যন্ত নতুন করে ২৪ জন ব্যক্তি হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে।
জেলার স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, টাঙ্গাইল সদর উপজেলায় ৭ জন, নাগরপুরে ৬ জন, সখীপুরে ৬ জন, মির্জাপুরে ৬৪ জন, কালিহাতী ২ জন, ঘাটাইলে ২ জন, ভূঞাপুরে ১ জন, গোপালপুরে ৫ জন, ধনবাড়ী উপজেলায় ৪ জন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া মধুপুর, দেলদুয়ার এবং বাসাইল উপজেলার কাউকে কোয়ারেন্টাইনে রাখা হয়নি।
এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, এখন পর্যন্ত ৯৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ৫ জনকে হোম কোয়ারেন্টাইনের নিয়ম অনুয়ায়ী ১৪ দিন থাকার পর তারা হোম কোয়ারেন্টাইনের বাইরে চলে গেছে। হোম কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিরা সবাই বিদেশ ফেরত। এদের মধ্যে চীন, ইতালী, মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুরের লোকজন রয়েছে।
তিনি জানান, হোম কোয়ারেন্টাইনে রাখা কেউই জ্বর ও সর্দি কাশি নেই। তারা সবাই স্বাভাবিক। তবে আমরা সবাইকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রেখেছি।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত টাঙ্গাইলে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। করোনা ভাইরাস নিয়ে ভয় বা আতঙ্কের কিছু নেই। তবে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সাবান দিয়ে হাত ধোয়া, জ্বর-সর্দি-কাশি, গলা ও শরীর ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য প্রচার-প্রচারণা, পোস্টার ও মাইকিং কার্যক্রম করা হচ্ছে। বিদেশ ফেরত বা বিদেশি নাগরিকদের প্রতি বিশেষ নজরদারি রাখা হয়েছে।
