ইসমাইল হোসেন সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে নভেল করোনাভাইরাস এর সংক্রমণ রোধে, রাষ্ট্রীয় ঘোষিত লকডাউনে শহরগুলো মানবশূন্য হয়ে যাওয়ায়, বেড়েছে চোরের উপদ্রব বলে অভিযোগ তুলেছেন টাউন বণিক সমিতির সভাপতি। বণিক সমিতির সভাপতি ও নৈশপ্রহরী সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ আনুমানিক রাত ২টা ৩০মিনিটের দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজার এলাকায় এলোমেলো ভাবে দুজন অপরিচিত ব্যক্তি ঘোরাফেরা করছিলেন।
এমন সময় নৈশপ্রহরী আসকেত আলী তাদেরকে দাঁড়াতে বললে তারা দৌড়ে পালান। কিন্তু নৈশপ্রহরীদের চোর চোর চিৎকারে বাসাবাড়ি লোকজন ঘুম থেকে উঠে আসেন এবং সকলেই মিলে চোরদ্বয়কে খোঁজতে থাকেন। প্রায় ১ ঘন্টা খোঁজার পর চোর বাবু মিয়াকে পাওয়া যায় আবুল হোসেনের বাসার ভিতরে এবং চোর বিপ্লবকে পাওয়া যায় গফুর মার্কেটের ছাদের উপর।
উপস্থিত জনতা চোর দুজনকে জিজ্ঞেস করে জানতে পারে তারা সাতপোয়া ইউনিয়নের বাঘমারা ও চরশিশুয়া গ্রামের বাসিন্দা। বাবুর বাবার নাম দুলাল মিয়া এবং বিপ্লবের বাবার নাম তোজাম্মেল হোসেন বলে জানান। এসময় বিক্ষুব্ধ জনতা চোরদ্বয়কে মারতে চাইলে আইন হাতে তুলে না নেয়ার অনুরোধ জানান টাউন বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহ। সমিতির সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহ জানান, চোরদ্বয়কে পুলিশের হাতে তুলে দেয়ার জন্য সরিষাবাড়ী থানায় কয়েক বার ফোন দিয়েও সাড়া পাওয়া যায়নি। পরে বাজারের তিনজন পাহাদারের সহিত আসকেত আলী, ইউসুফ ও শুক্কর আলীর কাছে চোরদ্বয়কে থানায় পাঠিয়ে দেন।
তারা যথাযথ ভাবে থানায় গিয়ে পুলিশের কাছে সোপর্দ করে আসেন। কিন্তু উক্ত বিষয়টি সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ মাজেদুর রহমানের কাছে জানতে চাইলে, তিনি রাগান্বিত হয়ে বলেন, দেশে এখন করোনা ভাইরাসের মহামারিতে মানুষ বাঁচে না, আর আপনারা আছেন চোর নিয়ে। আমার থানায় কোন চোর আসে নাই। এই বলে তিনি ফোনটি কেটে দেন। এদিকে শিমলাবাজার ভিত্তিক ব্যবসায়ীরা বলেন, করোনার লকডাউনে বাহিরে যেতে নিষেধ করছেন পুলিশ আবার পুলিশের অতিরিক্ত নিরাপত্তা না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী মহল ও এলাকার নের্তৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ বলে জানা যায়।
