নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমনরোধে হাট বন্ধের নির্দেশের পরও হাট বসানোর দায়ে টাঙ্গাইলে ইজারাদারকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (৩ এপ্রিল) টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া হাটের ইজারাদার মিন্টু মোল্লাকে ২০হাজার টাকার অর্থদণ্ড দেন সহকারি কমিশনার (ভূমি ) উপমা ফারিসা। পরে সেনাবাহিনীর সহযোগিতায় হাটটি বন্ধ করে দেওয়া হয়।
এসময় কাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান, সেনাবাহিনীর সদস্য, পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি ) উপমা ফারিসা জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাব ও মোকাবেলার জন্য হাট বাজারে মানুষের সমাগম বন্ধে কাকুয়া হাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয় প্রশাসন থেকে। কিন্তু নির্দেশনা না মেনে হাটের ইজারাদার হাট বসায়। পরে হাট বসানোর দায়ে ইজারাদারকে অর্থদণ্ড প্রদান করা হয়। পরে হাট বন্ধ করে দেয়া হয় বলে তিনি জানান।
