নিউজ টাঙ্গাইল ডেস্ক: মুজিবনগর সরকারের অর্থ সচিব টাঙ্গাইলের ভূঞাপুর-গোপালপুর আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা খন্দকার আসাদুজ্জামান মারা গেছেন।
শনিবার বিকালে রাজধানীর গুলশানের বাড়িতে তার মৃত্যু হয় বলে গোপালপুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. আশরাফুজ্জামান আজাদ জানান।
আসাদুজ্জামান তিনবার জাতীয় সংসদে টাঙ্গাইল-২ আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “জাতি একজন ত্যাগী আওয়ামী লীগ নেতাকে হারাল।”
১৯৩৫ সালের ২২ অক্টোবর টাঙ্গাইলে জন্মগ্রণ করেন খন্দকার আসাদুজ্জামান। আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯৬ সালের তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচিত তিনি সংসদে টাঙ্গাইল-২ আসনের মানুষের প্রতিনিধিত্ব করেন।
জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমটিতেও তিনি দায়িত্ব পালন করেছেন।
আসাদুজ্জামানের মেয়ে অপরাজিতা হক বর্তমান একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে আসাদুজ্জামানের মরদেহ গোপালপুরের হেমনগর ইউনিয়নের নারচী গ্রামে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।