Homeদেশের খবরময়মনসিংহে মাছ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

ময়মনসিংহে মাছ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে নবী হোসেন (৪৮) নামে এক মাছ ব্যবসায়ীর চোখ উপড়ানো অবস্থায় ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচাত ভাই সাইফুল ইসলাম তৈয়ব নামে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৪ মে) ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের ঝালুয়া নামক স্থান থেকে নবী হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে রবিবার (৩ মে) নিখোঁজ হন তিনি।
নিহত নবী হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মৃত দিদার আলীর ছেলে এবং তিনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার বিকালে নবী হোসেন তাঁর চাচাতো ভাই সাইফুল ইসলাম তৈয়বকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে ঈশ্বরগঞ্জ উপজেলা শিবচর এলাকার একটি হ্যাচারিতে মাছের পোনা কিনতে যায়। এরপর রাতে চাচাতো ভাই বাড়ি ফিরে গেলেও নবী হোসেন নিখোঁজ থাকেন।
পরে পরিবার তাঁর খোঁজ নিয়ে জানতে পারে নান্দাইলের ঝালুয়া নামক স্থানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে রয়েছে। পরে সেখানে গিয়ে দেখা যায় ওই লাশই নবী হোসেনের। পরে ঘটনাস্থল থেকে খবর পেয়ে পুলিশ ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী জানান, ঘটনাটি খুবই রহস্যজনক। নিহত ব্যক্তির সাথে টাকাসহ সব ঠিক ছিল। তাছাড়া তাঁর চোখ উপড়ানো ছাড়াও মাথায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে এবং তাকে সড়কে ফেলে রাখার পর দুই পায়ের ওপর দিয়ে ভারী যানবাহন যাওয়ায় পা দুইটি ছিন্নভিন্ন হয়ে গেছে বোঝা যায়। ধারণা করা হচ্ছে এটা পরিকল্পিত হত্যা। ঘটনার তদন্ত সাপেক্ষে হত্যা রহস্য বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

Most Popular