নিউজ টাঙ্গাইল ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নতুন কৌশলে ইমিগ্রেশন বিভাগ। পাইকারি কাঁচাবাজার থেকে ১ হাজার ৪০০ বিদেশি অভিবাসীকে গ্রেফতারের পর এবার মালয়েশিয়ার প্রাণকেন্দ্র রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা পুডু প্রশাসনের নিয়ন্ত্রণে। ইতোমধ্যেই ওই এলাকায় অবস্থান করা প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজেদের আতঙ্কের কথা প্রকাশ করে বলেন, পুডু এলাকার ভবনগুলোকে লকডাউন করা হয়েছে। এছাড়াও সেদেশের পত্রিকায় ফলাও করে প্রকাশ করা হয়।
শুক্রবার এই ঘটনায় সেদেশের সিনিয়র মন্ত্রী (সিকিউরিটি) ইসমাইল সাবরি ইয়াকুব সাংবাদিকদের বলেন, পুডু এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে নিয়ন্ত্রণ আদেশ মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) চলমান নয়। এ সময় তিনি আরও বলেন, সেখানে অবস্থানরতদের কোভিড-১৯ পরীক্ষা করা হবে এবং যারা আক্রান্ত হবে তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হবে। তিনি আরও যোগ করেন, সেখানে অবস্থানকারীরা এমসিওর আন্ডারে নয়, তাই তাদের চলাচলের কোনো সমস্যা নেই। তবে আমাদের প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে পুডু এলাকা। এটি সত্য নয় (পুডু বর্ধিত এমসিওর অধীনে রয়েছে)। অঞ্চলটি কেবল প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন।
বাসিন্দাদের চলাফেরা করতে এবং খাবার গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। আমরা সবাইকে করোনা পরীক্ষা করব।
এদিকে একাধিক সূত্র জানিয়েছে, মূলত অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের আটকের জন্য বিদেশি অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোকে প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি করছে অভিবাসন বিভাগ।
এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তাদেরকে অভিবাসন আইনে গ্রেফতার দেখানো হচ্ছে। উল্লেখ্য, গত ১১ মে রাজধানী কুয়ালালামপুরের পাইকারি কাঁচাবাজার সেলাইয়াং থেকে প্রায় ১ হাজার ৪০০ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে সে দেশের অভিবাসন বিভাগ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।