সোমবার, জুন ২৯, ২০২৬
Homeদেশের খবরচেতনানাশক ইনজেকশন দিয়ে প্রেমিককে হত্যা করেন নার্স লাভলী

চেতনানাশক ইনজেকশন দিয়ে প্রেমিককে হত্যা করেন নার্স লাভলী

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে অবস্থিত বঙ্গবন্ধু ইকোপার্কে রহস্যজনক রুবেল রানা (২৮) হত্যার রহস্য উদঘাটন করে প্রেমিকা লাভলী খাতুনকে (২৫) গ্রেফতার করেছে সিআইডি। চেতনানাশক ইনজেকশন দিয়ে প্রেমিক রুবেলকে হত্যা করেন নার্স লাভলী।

মঙ্গলবার রাতে তাকে ঢাকার ধামরাই এলাকার মেডিসিটি হসপিটাল থেকে গ্রেফতার করা হয়। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার রসুলপুর গ্রামের লাল মিয়ার মেয়ে এবং ওই হসপিটালে নার্সের চাকরি করতেন।

নিহত রুবেল রানা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রসুলপুর (বালুরচর) এলাকার আব্দুল লতিফের ছেলে।

সিরাজগঞ্জ সিআইডি পুলিশের ইন্সপেক্টর ও তদন্ত কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম জানান, প্রায় চার বছর পূর্বে রুবেল রানা ও লাভলী খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তা অনৈতিক সম্পর্কে রূপ নেয়। রুবেল রানা বিভিন্ন সময় তাদের অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করে আসছিলেন।

তিনি জানান, চলতি বছরের ২৭ জানুয়ারি লাভলী খাতুন পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে রুবেল রানাকে নিয়ে সিরাজগঞ্জে ইকোপার্কে বেড়াতে আসেন। এরই একপর্যায়ে যৌন উত্তেজক ওষুধের কথা বলে রুবেল রানার শরীরে চেতনানাশক ইনজেকশন প্রয়োগ করেন প্রেমিকা লাভলী খাতুন। এতে ঘটনাস্থলেই রুবেল রানা মারা যান।

মোহাইমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পরদিন পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। পরে স্বজনরা এসে রুবেল রানাকে শনাক্ত করলে পুলিশ তাদের কাছে লাশ হস্তান্তর করে।

তিনি জানান, এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে ঘটনার তদন্তভার সিআইডিকে দেয়া হলে তারা ঘটনাস্থল থেকে একজন নারীর চুল আলামত হিসেবে উদ্ধার করে। এরই সূত্র ধরে সিআইডি প্রকৃত ঘটনা উদঘাটন করতে সক্ষম হয় এবং মঙ্গলবার রাতে হত্যাকারী প্রেমিকা লাভলী খাতুনকে ঢাকা থেকে গ্রেফতার করে। বুধবার দুপুরে লাভলী খাতুনকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে সন্ধ্যায় বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular