নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের আসবাবপত্র ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম।
পুলিশ জানায়, অফিসের কাজ শেষে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয় বন্ধ করে চলে যান। পরে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা নিচতলার একটি জানালা খুলে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এতে কার্যালয়ের আসবাবপত্র ও কিছু কাগজপত্র পুড়ে যায়। ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বোতল ও পোড়া কাপড় উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক হারিজুর রহমান বলেন, “ব্যাংকের নৈশপ্রহরীর কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে আগুন নিয়ন্ত্রণে আনি।”
