নিউজ টাঙ্গাইল ডেস্ক | ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে পৌলি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বঙ্গবন্ধু সেতু সড়ক ব্যবহারকারীদের। সোমবার রাতে বঙ্গবন্ধু সেতুতে দুই পিকআপের সংঘর্ষের ফলে এই যানজট সৃষ্টির কারণ বলে জানিয়েছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।
সেতুর ওপর দুই পিকআপভ্যানের সংঘর্ষের ঘটনার মহাসড়ক এলাকায় থেমে থেমে যানবাহন চলাচল করছে। মঙ্গলবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মহাসড়কের কালিহাতীর পুংলি এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বঙ্গবন্ধু সেতু সড়ক ব্যবহারকারীরা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গত সোমবার (২৪ মে) রাত পৌনে ১১টার দিকে সেতুর ৩৬ নম্বর পিলারের কাছে ঢাকামুখী একটি পিকআপভ্যান আরেকটি পিকআপভ্যানকে ধাক্কা দেয়। পরে আরেকটি ট্রাক এসে পিকআপভ্যান দুটিকে ধাক্কা দেয়। এতে সেতুর ওপর যানজটের সৃষ্টি হয়।
এরপর যানজট নিরসনে মধ্যরাত থেকে মঙ্গলবার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত কয়েক দফা টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে সেতু থেকে মহাসড়কের পৌলি পর্যন্ত থেমে থেমে প্রায় ২০ কিলোমিটার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হওয়ার আশা করা যাচ্ছে।
