সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) পাইপ লাইন স্থাপনের জন্যে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপুরণ নিয়ে সৃষ্ট জটিলতা ৭ দিনের মধ্যে নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়েছে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিও) মোহাম্মদ শহীদ উল্লাহ এ আশ্বাস দিয়েছেন।
সোমবার সকালে উপজেলার সিলিমপুর গ্রামে সরেজমিন পরিদর্শনে এসে তিনি বলেন, ‘গ্যাস পাইপ লাইন স্থাপনের জন্যে অধিগ্রহণকৃত জমি আগামি ৭ দিনের মধ্যে ডিমারগেশন (চিহ্নিত) করা হবে। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত জমির মালিকরা তাদের ক্ষতিপূরণের টাকা পাবেন।’
এ সময় কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী, ইউপি চেয়ারম্যান আনছার আলী আসিফসহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।
ভূমি অধিকার বাস্তবায়ন আন্দোলন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু বলেন, সখীপুরে ভূমি নিয়ে জটিলতা দীর্ঘদিনের। সমস্যাটির স্থায়ী সমাধনের জন্যে প্রথমে জমির (জনগণ, বনবিভাগ ও সরকারের দাবীকৃত) প্রকৃত মালিক চিহ্নিত করা প্রয়োজন। পরে জমির ডিমারগেশন করলে বিষয়টির স্থানীয় সমাধান হতো।
উল্লেখ্য, শ্রীপুর থেকে সিরাজগঞ্জ ৬৭ কিলোমিটার দৈর্ঘ্য গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ধনুয়া-নলকা (৩০ ইঞ্চি) গ্যাস পাইপলাইন স্থাপনের কাজ চলছে। প্রায় পাঁচ মাস ধরে সখীপুর পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রতিমা বংকী অংশে পাইপলাইন স্থাপনের কাজ করা হচ্ছে। কিন্তু জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পেয়ে ওই এলাকার ভুক্তভোগীরা গ্যাস সঞ্চালন পাইপলাইন স্থাপনের কাজে বাধা দেন।
