প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় ফের অভিযান চালিয়ে দু’টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে। এর আগে চিত্রনায়িকা পরীমনিকে আটকের পর বনানীতে অভিযান চালিয়ে প্রযোজক নজরুল ইসলাম রাজকে মাদকসহ আটক করে র্যাব।
বর্তমানে পরীমনি ও প্রযোজক রাজকে মাদক মামলায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির একটি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে পুনবায় বনানীতে রাজের বাসায় অভিযান পরিচালনা করেন সিআইডির তদন্ত সংশ্লিষ্টরা। অভিযানে দুটি বিলাসবহুল গাড়ি (হ্যারিয়ার ঢাকা মেট্রো-গ-১৩-৪৬১৭; আরএভি-৪ ঢাকা মেট্রো-ঘ-১৫-৬৪০১ মডেলের একটি গাড়ি) জব্দ করে সিআইডি।
অভিযানে রাজের বাসা থেকে রাজ গ্রুপ অব কোম্পানির প্রোফাইল বই, নজরুল ইসলাম রাজ কর্তৃক জালাল উদ্দিনের সঙ্গে সম্পাদিত বায়নানাম চুক্তিপত্র, দলিল, তার পাসপোর্টের ফটোকপি জব্দ করে সিআইডি। এর আগে সিআইডি একযোগে পরীমনি, রাজ, পিয়াসা, মৌ, হেলেনা জাহাঙ্গীরসহ ছয়জনের বাসায় অভিযান চালিয়েছিলো।
এ বিষয়ে সোমবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক বলেন, রাজের বাসায় রোববার রাতে তল্লাশি চালিয়ে দু’টি গাড়ি জব্দ করেছি। গাড়ি দুটো কীভাবে কেনা হয়, কার নামে কেনা, কোথায় থেকে, কবে কেনা হয়েছে, তা খতিয়ে দেখছি। এই গাড়ি কেনার অর্থ কীভাবে পেয়েছেন সেটাও খতিয়ে দেখা হবে।
তিনি বলেন, রাজ অভিনেত্রী পরীমির বাসায় মদ সরবরাহ করতেন। এছাড়া তার বিরুদ্ধে কথিত মডেলদের দিয়ে বিভিন্ন পার্টি ও ইনডো প্রোগ্রামের নামে বিশিষ্ট ব্যক্তিদের ডেকে এনে মাদক বিক্রি ও ব্ল্যাকমেইলিং ও প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে রাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
