নিউজ ডেস্ক: চতুর্থ ধাপে অনুষ্ঠিত টাঙ্গাইলের সদর উপজেলা ইউপি নির্বাচনে দাইন্যা ইউনিয়নের বাসা কেন্দ্রে ছেলের কোলে এসে ভোট দিলেন জিনাতন(১০২)। তিনি বাসাখানপুর গ্রামের মৃত শরুফ চাঁনের স্ত্রী। রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ নং বুথে ভোট দেন।
জিনাতন বলেন, এবার আমার জীবনের শেষ ভোট হতে পারে তাই ছেলের কোলে এসেই ভোট দিলাম।
বাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রফিকুল ইসলাম জানান, নির্বাচনে কোন প্রকার সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ারমত। তবে বৃদ্ধাদের উপস্থিতিও ছিলো বেশ।
এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩২১৩ জন। পুরুষ ভোটার ১৫১৮ জন। নারী ভোটার সংখ্যা ১৬৯৫ জন।দুপুর দুইটা পর্যন্ত ২২১০ জন ভোটার ভোটাধীকার প্রয়োগ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কেন্দ্র ইনচার্জ এসআই মো. মোরাদুজ্জামান মুরাদ অত্যান্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, চতুর্থধাপে টাঙ্গাইল সদর উপজেলায় ৮টি, ভূঞাপুরে ৬টি ও ঘাটাইল উপজেলার ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ চলে। ২১টি ইউনিয়নে ২১৫টি ভোট কেন্দ্রের ভোট নেওয়া হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সদস্য পদে ৬৪০ জন এবং সংরক্ষিত পদে ২১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই জন প্রার্থী সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে ৫ লাখ ৬ হাজার ১৪৭ জন ভোটার তাদের ভোট গ্রয়োগ করবেন। ইউপি নির্বাচন ছাড়াও একইদিনে দেলদুয়ার উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচনে ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ৮জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে পুলিশ এবং সাধারণ কেন্দ্রে ৫ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একইসাথে প্রতিটি কেন্দ্রে ১৮জন করে আনসার সদস্যও দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি উপজেলায় র্যাব এবং ডিবির টিমও কাজ করছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।