আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি নানা রকম ষড়যন্ত্রসহ মিথ্যাচার করছে: কৃষিমন্ত্রী

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, করোনা মহামারির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। কিন্তু এ নিয়ে দেশে এমন কোন কিছু তৈরি হয়নি যে দ্রব্যমূল্য নিয়ে দেশে হাহাকার, দেশে একটি হৈ চৈ এমন কিছু নয়। আগামী দুই বছর পর নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে (বিএনপি) সরকার বিরোধী দল নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শুধু তাই নয়, তারা নানা ধরণের মিথ্যাচারও করছেন।

রাজ্জাক বলেন, বিএনপি তাদের পায়ের নিচে মাটি নেই। তারা যদি মনে করে এই দ্রব্যমূল্যের সামান্য কিছু উর্ধ্বগতির জন্য দেশের একটা অরাজকতা সৃষ্টি করবে, রাজনৈতিকভাবে অস্থিতিশীল তৈরি করবে। তাহলে আমি মনে করি, এ ধরণের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে প্রস্তুত হতে হবে।

রবিবার (২০ মার্চ) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন কৃষিমন্ত্রী।

টিসিবি পণ্যে বিক্রির বিষয়ে কৃষিমন্ত্রী বলেন,
জননেত্রী শেখ হাসিনা মানুষের দুঃখ-কষ্টে সবসময় মানুষের পাশে ছিল। আমরা আজকে টিসিবির মাধ্যমে দেশের এক কোটি মানুষকে স্বল্পমূল্যে জিনিসপত্র দিচ্ছি। আমাদের এই ধারা অব্যাহত থাকবে। দেশে কোন হাহাকার হবে না। তারা কোন অরাজকতা সৃষ্টি করতে পারবে না। আমরা খুব সচেতন। প্রয়োজনে আরো খাদ্য ও অনান্য সাহায্য নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো।

সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচনের বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, এই নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন করবে। আওয়ামী লীগের দায়িত্ব নির্বাচনকে সহযোগিতা করা। যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করতে চায়, দেশে অস্থিতিশীল করতে চায় তাদের রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করবো।

কৃষিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া তারা যেভাবে কাজ করছে তাদের এই স্বাধীনতা অব্যাহত থাকবে। তারা স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবে। সুশীল সমাজ তাদের স্বাধীনভাবে মতামত দিতে পারবে।

জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, একুশে পদক প্রাপ্ত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

সম্মেলন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও ছোট মনির প্রমুখসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর