- শরীফুজ্জামান, বাসাইল: আগামী ১৫ জুন টাঙ্গাইলের বাসাইল উপজেলার ২টি ইউনিয়ন পরিষদে প্রথমবারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইভিএমের মাধ্যমে ভোট প্রদানে সাধারন ভোটারকে উৎসাহিত করতে মগ ভোটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন) সকাল ১০টা হতে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার কাশিল ও বাসাইল সদর ইউনিয়ন পরিষদে ১৮ টি ভোট কেন্দ্রে এ মগ ভোটিং অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্র সমূহে ভোটার উপস্থিতি কম হলেও উপস্থিত ভোটারদের মাঝে ইভিএম নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
কাশিল ইউপি বাথুলী সাদী লাইলি বেগম উচ্চ বিদ্যালয়ের ভোটার লাল মিয়া বলেন, “মেশিনে ভোট দিতে পেরে বেশ আনন্দ লাগছে। দিন বদলের সাথে সাথে দেশ এগিয়ে যাচ্ছে, বদলে গেছে ভোট প্রদান পদ্ধতি। ”
কাশিল ইউপি ৪নং ওয়ার্ড কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ভজন কুমার বলেন,” মগ ভোটিং ভোটারদের উপস্থিতি কম হলেও আসা করছি চুড়ান্ত ভোটিং এ ব্যাপক উৎসাহ উদ্দিপনার মাধ্যমে ভোটারগন ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আনন্দ মূখর পরিবেশে ভোট প্রদান করবে।”
উপজেলা নির্বাচন অফিসার মনি সংকর বলেন,” ভোটারদের মাঝে ইভিএম এর পরিচিত ও ভোটদান পদ্ধতি সম্পর্কে প্রচারনা বৃদ্ধির লক্ষেই মগ ভোটিং অনুষ্ঠিত হয়েছে। ”
উল্লেখ্য যে, বাসাইলের ২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
উপজেলার বাসাইল সদর ও কাশিল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। সাধারণ সদস্য পদে ৮২ জন এবং সংরক্ষিত পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। নির্বাচনে মোট ভোটার ৩০ হাজার ৩৯৩ জন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।