- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের যমুনা নদীতে কয়েক দিন ধরে লাফিয়ে লাফিয়ে ব্যাপক পানি বৃদ্ধি পাচ্ছে। এরফলে জেলার ১২ টি উপজেলার নিম্ন এলাকাগুলোতে হু-হু করে বন্যার পানি প্রবেশ করছে। এতে করে পানির তীব্র স্রোতে আঞ্চলিক ছোট-বড় রাস্তা-ঘাট ভাঙতে শুরু করেছে। আতঙ্কে রয়েছে চরাঞ্চলের মানুষ।
শনিবার (১৮ জুন) সকাল থেকে সন্ধ্যা ৬ টায় পর্যন্ত ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়াও বৃদ্ধি পাচ্ছে যমুনার অন্যান্য নদ-নদীর পানি।
এরআগে গেল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল ৬ টায় পর্যন্ত ৪০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় যমুনা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপৎসীমা অতিক্রম করায় বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।
