সোমবার, আগস্ট ৩১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলানাগরপুরে বরশিতে ধরা পড়ল ১০০ কেজি ওজনের শুশুক মাছ!

নাগরপুরে বরশিতে ধরা পড়ল ১০০ কেজি ওজনের শুশুক মাছ!

  • নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীতে বরশিতে ধরা পড়েছে ১০০ কেজি ওজনের বিরল প্রজাতির সামদ্রিক শুশুক মাছ। সমুদ্রের দুর্লভ জলজ প্রাণীটি নদীতে ভেসে লোকালয়ে আসায় স্থানীয় লোকজনের মাঝে ব্যাপক কৌতুহল দেখা দিয়েছে। এক নজর শুশুকটিকে দেখতে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করছে।

রবিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া ধলেশ্বরী নদীতে সেন্টু নামের এক যুবকের বরশিতে ধরা পড়ে এ শুশুক মাছটি। সেন্টু উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের আমজাদ আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, গত শনিবার সন্ধ্যায় সেন্টু
উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গলিয়া এলাকায় ধলেশ্বরী নদীতে বোয়াল মাছ মারা বরশি (জিয়ালা বরশি) নদীতে ফেলে আসে। বরশি ফেলার পর ছোট একটি বোয়াল মাছ বরশিতে আটকে যায়।

পরে সে মাছটি খুলে আনার জন্য চেষ্টা করলে আকস্মিক ভাবে বিশাল আকৃতির শুশুক মাছ বরশিতে আটকে যাওয়া বোয়াল মাছটিকে গিলতে গিয়ে আটকে যায়। সেন্টু মাছটি দেখে ভয় পেয়ে ডাক-চিৎকার করতে থাকে। এসময় তার চিৎকার শুনে নদী পাড়ের লোকজন ঘটনা স্থলে ছুটে আসে। পরে স্থানীয় লোকজনদের সহায়তায় শুশুক মাছটি পানি থেকে উপরে তুলে আনা হয়।

এরপর শুশুক মাছটি স্থানীয় জাঙ্গালিয়া এলাকায় ভোর বাজারে তোলা হয়। শুশুক মাছটির ধরা পড়ার বিষয়টি মুহুর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সহ দূর-দুরান্ত থেকে হাজারো মানুষ শুশুক মাছটি দেখতে সেখানে ভির জমায়।

এ প্রসঙ্গে সেন্টু মিয়া বলেন, শুশুক মাছটির ওজন আনুমানিক ১০০ কেজি হবে। ভোরে জাঙ্গালিয়া বাজারে নেওয়া হলে স্থানীয় কয়েকজনে মিলে ১৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।

ক্রেতাদের মধ্যে ইসমাইল মিয়া একজন জানান, মাছটি ১৫ হাজার টাকায় সেন্টুর কাছ থেকে কিনে নেয়া হয়েছে। পরে আমরা কয়েকজন মিলে মাছটি ভাগ করে নিয়েছি।

এ বিষয়ে নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাছুম বিল্লা জানান, মাছটি বিলুপ্তির পথে। এটি সংরক্ষিত প্রাণী। সংবাদ পেয়ে আমরা বাজারে যাই। তবে এর আগেই স্থানীয়রা সেটি কিনে ভাগাভাগি করে নিয়ে গেছেন।

তিনি আরও জানান, যদি জীবিত থাকতো তাহলে আমরা উদ্বার করে অবমুক্ত করতাম। এটি মারা, ধরা ও খাওয়া দন্ডনীয় অপরাধ। এ ধরণের মাছ শিকার থেকে বিরত থাকতে আমরা স্থানীয়দের সতর্ক করে দিয়েছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular