- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জ হয়ে চট্টগ্রামগামী ঈগল পরিবহণের একটি চলন্ত বাসে এক নারী যাত্রীকে দলবদ্ধভাবে পালাক্রমে ধর্ষণ ও অস্ত্রের মুখে ঘুমন্ত যাত্রীদের হাত-মুখ ও চোখ বেঁধে জিম্মি করে নির্যাতন, লুটপাটসহ ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃত ডাকাত রাজা মিয়া (৩২) কে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর আমলী আদালতের বিচারক বাদল কুমার চন্দ শুনানী শেষে ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
আদালতের পরিদর্শক তানভীর আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারকৃত রাজা মিয়াকে মামলার তদন্তকারী কর্মকর্তা মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন ৭ দিনের রিমান্ড আবেদন করে আসামিকে কোর্টে পাঠান।
এরআগে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল পৌর শহরের নতুন বাসটার্মিনাল এলাকা থেকে রাজা মিয়া গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ডাকাত রাজা মিয়া জেলার কালিহাতী উপজেলার বল্লা গ্রামের হারুন অর রশিদের ছেলে। তিনি পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝটিকা বাসের চালক ছিলেন।
এদিকে, দলবদ্ধ পালাক্রমে ধর্ষণের শিকার এক নারী যাত্রী একই দিন বৃহস্পতিবার সন্ধ্যায় জবানবন্দি দিয়েছেন। দণ্ড বিধির ২২ ধারায় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন ওই নারীর জবানবন্দি লিপিবদ্ধ করেন।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল পরিবহণের একটি যাত্রীবাহী বাস ২৪ যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। গভীর রাতে সিরাজগঞ্জ পৌঁছলে সেখান থেকে একদল ডাকাত যাত্রীবেশে ওই বাসে ওঠে। বাসটি বঙ্গবন্ধু সেতু পাড় হওয়ার পর অস্ত্রের মুখে যাত্রীদের বেঁধে ফেলে।
এ সময় দলটি বাসটির নিয়ন্ত্রণ নিয়ে কয়েক মিনিটের মধ্যে যাত্রীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এক পর্যায়ে তারা বাসযাত্রী এক নারীকে পালাক্রমে ধর্ষণ করে। বাসটি বিভিন্ন স্থানে ঘুরিয়ে তিন ঘণ্টা তাদের নিয়ন্ত্রণে রাখে।
এরপর পরে পথ পরিবর্তন করে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের পাশে বালির স্তুপে বাসটি ফেলে একটি মাইক্রোবাসযোগে পালিয়ে যায় ডাকাতদল।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।