নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী জিহাদ হোসেন আসিফের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত, সঠিক আইনগত প্রক্রিয়া অনুসরণ এবং ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিহত আসিফের সহপাঠী, শিক্ষক ও পরিবারের সদস্যদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা আসিফের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন নিহতের বাবা মনোয়ার হোসেন, মা মনোয়ারা বেগম, বোন মরিয়ম বেগম ও সহপাঠী মো. শাহরিয়া প্রমুখ।

বক্তারা বলেন, প্রাথমিকভাবে আসিফের মৃত্যু পানিতে ডুবে হয়েছে বলে প্রচার করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে তামিম নামের এক যুবকের জবানবন্দিতে আসিফকে হত্যার কথা স্বীকার করার বিষয়টি জানা গেছে বলে তারা উল্লেখ করেন। এ ঘটনায় প্রকৃত সত্য উদ্ঘাটনে আসিফের ব্যবহৃত মোবাইল ফোনটি দ্রুত উদ্ধার করে ফরেনসিক পরীক্ষা করার দাবি জানান তারা। তাদের দাবি, ফোনটি বর্তমানে তামিমের কাছে রয়েছে বলে জানা গেছে।

বক্তারা আরও বলেন, মামলার তদন্ত চলমান থাকলেও এখনো চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করা হয়নি। আসিফের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্তপ্রক্রিয়া দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করা প্রয়োজন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর