নিজস্ব প্রতিনিধি :টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের দারুল কোরআন নিজামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় ঘাটাইল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন ঊর্মির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান খান এবং জাসা গ্রুপের চেয়ারম্যান লায়ন ডা. আব্দুস সাত্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সামাজিক-রাজনৈতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
