দেশে ফেরার পাঁয়তারা করলেও জনগণই প্রতিহত করবে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি: ষড়যন্ত্র করে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক মোহনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পলাতক স্বৈরাচারী চক্র দেশে ফেরার পাঁয়তারা করলেও বাংলাদেশের জনগণ তাদের প্রতিহত করবে। যারা জনগণকে হত্যা করেছে, গুলি করেছে এবং দেশ ছেড়ে পালিয়েছে, তাদের বিচার কার্যকর করার বিষয়ে জনগণ সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের মানুষ বিএনপির ওপর আস্থা ও বিশ্বাস রেখেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা নিরাপদ থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে স্বাধীনতাবিরোধী শক্তি ও নব্য ফ্যাসিবাদী শক্তির কাছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

বক্তব্যে তিনি আরও বলেন, গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী চক্র কিংবা একাত্তরের ঘাতকদের মধ্যে অনুশোচনার অভাব রয়েছে। তারা দেশে ষড়যন্ত্র করলেও সফল হতে পারবে না। কারণ, ষড়যন্ত্র করে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, দেশপ্রেমকে ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে। দেশের মানুষ বিএনপির সঙ্গে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ ও সজাগ থাকলে জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করার মতো কোনো শক্তি থাকবে না।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে আত্মনির্ভরশীল করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাঁদের ধারাবাহিকতায় জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি দেশকে উন্নত ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও সফিকুর রহমান সফিক, টাঙ্গাইল সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহসহ অন্য নেতারা।

আলোচনা সভা শেষে মরহুম হামিদুল হক মোহনের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর