সখীপুরে কম দামে ডিজেল দেওয়ার প্রলোভনে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে কম দামে ডিজেল বিক্রির প্রলোভন দেখিয়ে সুলাইমান তালুকদার নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার বোয়ালী পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুলাইমান তালুকদার সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোলঘর এলাকার হাজী মার্কেটের একজন ডিজেলের খুচরা ব্যবসায়ী।

সুলাইমান জানান, বৃহস্পতিবার মোটরসাইকেলে করে এক ব্যক্তি তাঁর দোকানে আসেন। ওই ব্যক্তি দাবি করেন, বোয়ালী পেট্রোল পাম্পে তাঁর কিছু টাকা আটকে আছে। সেই টাকা উদ্ধারের জন্য প্রতি ড্রাম ডিজেল ২৯ হাজার টাকার পরিবর্তে ২৪ হাজার টাকায় বিক্রির প্রস্তাব দেন তিনি। পরে শুক্রবার সকালে টাকা নিয়ে বোয়ালী পেট্রোল পাম্পে যেতে বলেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকালে টাকা নিয়ে পাম্পে গেলে হেলমেট পরা ওই ব্যক্তি পাম্পের লোকজনের সঙ্গে কথা বলেন। তাঁর কথায় বিশ্বাস করে সুলাইমান দুই ড্রাম ডিজেল নেওয়ার প্রস্তুতি নেন। পরে ওই ব্যক্তি তাঁকে বোয়ালী বাজারে ডেকে নিয়ে ৫০ হাজার টাকা নেন। বিনিময়ে একটি স্লিপ দিয়ে জানান, পাম্পে সেটি দেখালেই ডিজেল পাওয়া যাবে।

সকাল সাড়ে ৮টার দিকে পাম্পে গিয়ে স্লিপ দেখালে সুলাইমানকে জানানো হয়, তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরই মধ্যে টাকা নেওয়া ওই ব্যক্তি সেখান থেকে সরে পড়েন।

বোয়ালী পেট্রোল পাম্পের ব্যবস্থাপক শাহজালাল বলেন, ‘প্রতারণার ঘটনাটি পেট্রোল পাম্পের বাইরে ঘটেছে। এর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’

সুলাইমান বলেন, ‘কম দামে ডিজেল কেনার লোভে পড়ে প্রতারিত হয়েছি।’ এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলেও জানান তিনি।

ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত ০১৭০৩-৩৫৭১১৪ নম্বরে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর