নিজস্ব প্রতিনিধি:জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন করে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রথমবারের মতো রূপপুরের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এ অর্জন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক।
মন্ত্রী জানান, পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হলেও গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে বর্তমানে তা ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে। পরীক্ষার ফলাফলও সন্তোষজনক বলে জানান তিনি।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা—IAEA-এর পর্যবেক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংস্থাটির প্রতিনিধিরা প্রকল্পের অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের পর্যবেক্ষণ ও নির্ধারিত কারিগরি প্রক্রিয়া অনুসরণ করেই গ্রিড সিনক্রোনাইজেশনের এ ধাপ সম্পন্ন হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় টারবাইন, জেনারেটর ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।
পরবর্তী সময়ে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটি জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, সব কারিগরি পরীক্ষা সন্তোষজনকভাবে সম্পন্ন হলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (BAERA) অনুমোদন সাপেক্ষে পরবর্তী ধাপের ট্রায়াল অপারেশন শুরু হবে। রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মোট দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট মিলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
সংশ্লিষ্টরা বলছেন, রূপপুরের পরীক্ষামূলক গ্রিড সংযোগ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ নতুন এক ধাপে প্রবেশ করল।
ব্রিফিংকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, মন্ত্রণালয়-সংশ্লিষ্ট উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রূপপুর প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
