ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের ধনবাড়ীতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় ধনবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক ও ধনবাড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএম এ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়েছে। ধনবাড়ী উপজেলার কোথাও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। এ জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
মশাল মিছিলে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর ছাত্রদল, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মো: পলাশ ইসলাম
ধনবাড়ী, টাঙ্গাইল
মোবাইল: ০১৯৫৩২৫৫০০৮
তারিখ: ১৮-১১-২৬খ্রি:
