ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঋণ করে আবাদ করা তিন বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক মোহাম্মদ আব্দুল (৫৫)। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়িয়েছেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন উর্মি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কৃষক আব্দুলের সঙ্গে কথা বলেন, তাঁর কষ্টের কথা শোনেন এবং তাঁকে সান্ত্বনা দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে এক বস্তা ডিএপি সার, এক বস্তা পটাশ সার, ১০ কেজি বোরো ধানের বীজ, ৫ কেজি সরিষার বীজ, কিছু শুকনো খাবার ও নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুন্নাহার কনা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার জামুরিয়া ইউনিয়নের কর্ণা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কৃষক আব্দুল ওই এলাকার মৃত আজগর আলীর ছেলে। অভিযোগ রয়েছে, গভীর রাতে দুর্বৃত্তরা তাঁর তিন বিঘা জমির ধানের স্তূপে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় সারা বছরের পরিশ্রমে ফলানো ফসল।
একদিকে আগুনে সারা বছরের স্বপ্ন ও সম্বল হারিয়ে দিশেহারা কৃষক, অন্যদিকে উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক মানবিক সহায়তা তাঁর মনে নতুন করে ঘুরে দাঁড়ানোর আশা জুগিয়েছে।
তবে এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে হবে। একই সঙ্গে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো কৃষকের স্বপ্ন এভাবে পুড়ে ছাই না হয়।
