টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নানা অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ১২ কোটি টাকার ক্যাথল্যাব অব্যবহৃত, এমআরআই ও সিটিস্ক্যান পরীক্ষা বন্ধ রাখা এবং সরকারি ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগসহ বিভিন্ন অনিয়মের প্রাথমিক তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী হাসপাতাল পরিদর্শন শেষে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান।

অভিযোগগুলো তদন্তে হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. হানিফকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পরিদর্শনকালে জানা যায়, ১২ কোটি টাকা মূল্যের হার্টের ক্যাথল্যাব থাকা সত্ত্বেও রোগীদের অন্যত্র রেফার করা হচ্ছে। এ ছাড়া এমআরআই ও সিটিস্ক্যান যন্ত্র থাকা সত্ত্বেও পরীক্ষা না করা এবং প্যাথলজি বিভাগে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে দুই ভুক্তভোগী লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ অনুযায়ী, সরকারি নির্ধারিত ২০ টাকার রক্ত পরীক্ষার জন্য একজনের কাছ থেকে ৯০০ টাকা এবং অন্যজনের কাছ থেকে ৩৫০ টাকা নেওয়া হলেও সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে মাত্র ২০ টাকা করে।

অধ্যাপক ডা. জাহিদ রায়হান জানান, ওষুধ ও সরঞ্জামের স্টোররুমসহ হাসপাতালের বিভিন্ন বিভাগে দীর্ঘদিন ধরে অনিয়ম চলে আসছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। স্টোররুমে ডেন্টাল ও প্যাথলজি বিভাগসহ বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি থাকলেও সেগুলোর সুনির্দিষ্ট নথিপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এমনকি অনেক যন্ত্রের প্যাকেটও খোলা হয়নি। এ ছাড়া সরকারি নিয়মের বাইরে আলাদা ওয়েবসাইট পরিচালনার অভিযোগও পাওয়া গেছে।

পরিদর্শনে আরও অভিযোগ ওঠে, হাসপাতালের হিসাবরক্ষক ৫ আগস্ট-পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি হওয়ার পর প্রায় ১০ মাস ছুটিতে থেকেও টিএ ও ডিএ বিল উত্তোলন করেছেন। এসব অনিয়মে হাসপাতালের পরিচালকের সহযোগিতা ছিল বলেও অভিযোগ করা হয়েছে।

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনটি জমা দেওয়ার আগে সাংবাদিকদের সামনে উপস্থাপনেরও নির্দেশ দিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক। পাশাপাশি হাসপাতালে রাত ৮টা পর্যন্ত সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুস বলেন, জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন বিভাগে তীব্র জনবল সংকটের কারণে সেবা প্রদানে এসব ত্রুটি ও অনিয়ম হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর